HTML ও ইন্টার‍্যাক্টিভিটির ক্লায়েন্ট-সাইড রেন্ডারিং

জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML রেন্ডার করা এবং সার্ভারের মাধ্যমে পাঠানো HTML রেন্ডার করা এক নয়—এবং এটি পারফর্ম্যান্সের উপর প্রভাব ফেলতে পারে। এই গাইডে পার্থক্য সম্পর্কে জানুন এবং আপনার ওয়েবসাইটের রেন্ডারিং পারফর্ম্যান্স বজায় রাখার জন্য আপনি কী করতে পারেন—বিশেষ করে যেখানে ইন্টার‍্যাকশন সম্পর্কিত।

HTML পার্স ও রেন্ডার করার কাজটি ব্রাউজার ডিফল্ট হিসেবে খুব ভালভাবে করে, বিশেষ করে সেইসব ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলি ব্রাউজারের বিল্ট-ইন নেভিগেশন লজিক ব্যবহার করে—এটিকে কখনও কখনও "প্রথাগত পৃষ্ঠা লোড" বা "হার্ড নেভিগেশন" বলা হয়। এই ধরনের ওয়েবসাইটকে কখনও কখনও মাল্টি-পেজ অ্যাপ্লিকেশন (MPA) বলা হয়।

তবে, ডেভেলপাররা তাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুসারে ব্রাউজারের ডিফল্ট সেটিংসের বিকল্প ব্যবহার করতে পারেন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন (SPA) প্যাটার্ন ব্যবহার করা ওয়েবসাইটের ক্ষেত্রে এটি অবশ্যই প্রযোজ্য, যা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লায়েন্টে HTML/DOM-এর বড় অংশ ডায়নামিকভাবে তৈরি করে। এই ডিজাইন প্যাটার্নের নাম হল ক্লায়েন্ট-সাইড রেন্ডারিং এবং এর সাথে জড়িত কাজ অত্যধিক হলে, এটি আপনার ওয়েবসাইটের ইন্টারঅ্যাকশন টু নেক্সট পেইন্ট (INP)-এর উপর প্রভাব ফেলতে পারে।

সার্ভার থেকে ব্রাউজারে পাঠানো HTML ব্যবহার করা এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ক্লায়েন্টে এটি তৈরি করার মধ্যে পার্থক্য বুঝতে এই নির্দেশিকা আপনাকে সাহায্য করবে। এছাড়াও, পরের পদ্ধতিটি কীভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে হাই ইন্ট্যার‌্যাকশন লেটেন্সি তৈরি করতে পারে তাও জানতে পারবেন।

সার্ভার থেকে পাওয়া HTML ব্রাউজার কীভাবে রেন্ডার করে

প্রথাগত পৃষ্ঠা লোডের ক্ষেত্রে ব্যবহৃত নেভিগেশন প্যাটার্নে প্রতিটি নেভিগেশনে সার্ভার থেকে HTML পাওয়া যায়। আপনি যদি ব্রাউজারের অ্যাড্রেস বারে কোনও URL লেখেন বা MPA-তে কোনও লিঙ্কে ক্লিক করেন, তাহলে নিম্নলিখিত ইভেন্টগুলি পরপর ঘটে:

  1. প্রদান করা URL-এর জন্য ব্রাউজার একটি নেভিগেশন অনুরোধ পাঠায়।
  2. সার্ভার চাঙ্কে HTML সহ উত্তর দেয়।

এর মধ্যে শেষ ধাপটি হল মূল। এছাড়াও, এটি সার্ভার/ব্রাউজার এক্সচেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে মৌলিক পারফর্ম্যান্স অপ্টিমাইজেশনের অন্যতম এবং এটি স্ট্রিমিং নামে পরিচিত। সার্ভার যত তাড়াতাড়ি সম্ভব HTML পাঠানো শুরু করতে পারলে এবং ব্রাউজার সম্পূর্ণ উত্তর আসার জন্য অপেক্ষা না করলে, ব্রাউজার HTML আসার সাথে সাথে চাঙ্ক হিসেবে প্রসেস করতে পারে।

Chrome DevTools-এর পারফর্ম্যান্স প্যানেলে সার্ভারের পাঠানো HTML পার্স করার স্ক্রিনশট। HTML স্ট্রিম করার সময়, একাধিক ছোট টাস্ক জুড়ে এর চাঙ্ক প্রসেস করা হয় এবং রেন্ডারিং ইনক্রিমেন্টাল হয়।
সার্ভার থেকে পাওয়া HTML পার্স ও রেন্ডার করা, যেমন Chrome DevTools-এর পারফর্ম্যান্স প্যানেলে দেখা যায়। HTML পার্স করা এবং তা রেন্ডার করার সাথে যুক্ত টাস্কগুলি চাঙ্কে বিভক্ত করা হয়।

ব্রাউজারে হওয়া বেশিরভাগ জিনিসের মতো, টাস্কের মধ্যে HTML পার্সিং হয়। সার্ভার থেকে ব্রাউজারে HTML স্ট্রিম করা হলে, ব্রাউজার সেই HTML-এর পার্সিং অপ্টিমাইজ করে। এটি করার জন্য, স্ট্রিমের বিট চাঙ্ক হিসেবে আসার সাথে সাথে ব্রাউজার একবারে কিছুটা করে পার্স করে। এর ফলে, প্রতিটি চাঙ্ক প্রসেস করার পরে ব্রাউজার পর্যায়ক্রমে মূল থ্রেডে ফিরে আসে, যা বড় টাস্ক এড়িয়ে যায়। এর অর্থ হল, HTML পার্স করার সময় অন্যান্য কাজও করা যেতে পারে, যেমন ব্যবহারকারীকে পৃষ্ঠা দেখানোর জন্য প্রয়োজনীয় ইনক্রিমেন্টাল রেন্ডারিংয়ের কাজ এবং পৃষ্ঠার গুরুত্বপূর্ণ স্টার্ট-আপ পিরিয়ডে ব্যবহারকারীর ইন্টার‍্যাকশন প্রসেস করা। এই পদ্ধতিটি পৃষ্ঠার জন্য আরও ভাল ইন্টারঅ্যাকশন টু নেক্সট পেইন্ট (INP) স্কোর প্রদান করে।

সারসংক্ষেপ? সার্ভার থেকে HTML স্ট্রিম করার সময়, আপনি ফ্রিতে HTML-এর ইনক্রিমেন্টাল পার্সিং ও রেন্ডারিং এবং মূল থ্রেডে অটোমেটিক ইল্ডিংয়ের সুবিধা পান। ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে আপনি এই সুবিধা পাবেন না।

জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রদান করা HTML ব্রাউজার কীভাবে রেন্ডার করে

কোনও পৃষ্ঠায় নেভিগেট করার প্রতিটি অনুরোধের জন্য সার্ভার থেকে কিছু পরিমাণ HTML প্রদান করার প্রয়োজন হলেও, কিছু ওয়েবসাইট SPA প্যাটার্ন ব্যবহার করবে। এই পদ্ধতিতে, সার্ভার থেকে HTML-এর ন্যূনতম প্রাথমিক পেলোড প্রদান করা হয়, তবে ক্লায়েন্ট সার্ভার থেকে আনা ডেটা থেকে অ্যাসেম্বল করা HTML-এর মাধ্যমে পৃষ্ঠার মূল কন্টেন্ট এরিয়া পূরণ করে। পরবর্তী নেভিগেশন—এই ক্ষেত্রে কখনও কখনও "সফ্ট নেভিগেশন" হিসাবে উল্লেখ করা হয়—নতুন HTML দিয়ে পৃষ্ঠাটি পূরণ করার জন্য জাভাস্ক্রিপ্ট দ্বারা সম্পূর্ণরূপে পরিচালনা করা হয়।

আরও সীমিত ক্ষেত্রে নন-SPA-তেও ক্লায়েন্ট-সাইড রেন্ডারিং হতে পারে যেখানে JavaScript-এর মাধ্যমে DOM-এ ডায়নামিকভাবে HTML যোগ করা হয়।

জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML তৈরি করা বা DOM-এ যোগ করার কিছু সাধারণ উপায় আছে:

  1. innerHTML প্রপার্টি আপনাকে স্ট্রিংয়ের মাধ্যমে আগে থেকে থাকা এলিমেন্টে কন্টেন্ট সেট করার অনুমতি দেয়, যা ব্রাউজার DOM-এ পার্স করে।
  2. document.createElement পদ্ধতি আপনাকে কোনও ব্রাউজার HTML পার্সিং ব্যবহার না করেই DOM-এ যোগ করার জন্য নতুন এলিমেন্ট তৈরি করতে দেয়।
  3. document.write পদ্ধতি আপনাকে ডকুমেন্টে HTML লিখতে দেয় (এবং ব্রাউজার এটিকে পার্স করে, ঠিক যেমন পদ্ধতি #১-এ হয়)। তবে, বিভিন্ন কারণে, document.write-এর ব্যবহারকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়।
Chrome DevTools-এর পারফর্ম্যান্স প্যানেলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রেন্ডার করা HTML পার্স করার স্ক্রিনশট। কাজটি একটি দীর্ঘ টাস্কে সম্পন্ন হয় যা মূল থ্রেডকে ব্লক করে।
Chrome DevTools-এর পারফর্ম্যান্স প্যানেলে যেমন দেখানো হয়েছে, ক্লায়েন্টে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML পার্স ও রেন্ডার করা। এটি পার্স ও রেন্ডার করার সাথে যুক্ত টাস্কগুলি চাঙ্ক করা হয় না, যার ফলে একটি বড় টাস্ক তৈরি হয় যা মূল থ্রেডকে ব্লক করে।

ক্লায়েন্ট-সাইড জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML/DOM তৈরি করার ফলাফল উল্লেখযোগ্য হতে পারে:

  • নেভিগেশন অনুরোধের উত্তরে সার্ভার দ্বারা স্ট্রিম করা HTML-এর মতো নয়, ক্লায়েন্টে জাভাস্ক্রিপ্ট টাস্ক অটোমেটিক চাঙ্ক করা হয় না, যার ফলে বড় টাস্ক হতে পারে যা মূল থ্রেডকে ব্লক করে। এর অর্থ হল, আপনি যদি ক্লায়েন্টে একবারে অনেক বেশি HTML/DOM তৈরি করেন, তাহলে আপনার পৃষ্ঠার INP নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।
  • স্টার্টআপের সময় ক্লায়েন্টে HTML তৈরি করা হলে, এর মধ্যে রেফারেন্স করা রিসোর্স ব্রাউজার প্রিলোড স্ক্যানার খুঁজে পাবেনা। এর ফলে পৃষ্ঠার Largest Contentful Paint (LCP)-এর উপর নেতিবাচক প্রভাব পড়বে। যদিও এটি রানটাইম পারফর্ম্যান্স সংক্রান্ত সমস্যা নয় (পরিবর্তে এটি গুরুত্বপূর্ণ রিসোর্স ফেচ করার ক্ষেত্রে নেটওয়ার্ক বিলম্বের সমস্যা), আপনি চাইবেন না যে এই মৌলিক ব্রাউজার পারফর্ম্যান্স অপ্টিমাইজেশন এড়িয়ে যাওয়ার কারণে আপনার ওয়েবসাইটের LCP প্রভাবিত হোক।

ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের পারফর্ম্যান্সের উপর প্রভাবের ব্যাপারে আপনি কী করতে পারেন

আপনার ওয়েবসাইট যদি ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের উপর খুব বেশি নির্ভর করে এবং আপনি যদি ফিল্ড ডেটায় খারাপ INP ভ্যালু লক্ষ্য করে থাকেন, তাহলে আপনি ভাবতে পারেন যে ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের সাথে এই সমস্যার কোনও সম্পর্ক আছে কিনা। যেমন, আপনার ওয়েবসাইট যদি SPA হয়, তাহলে আপনার ফিল্ড ডেটা থেকে এমন ইন্টার‍্যাকশন সম্পর্কে জানা যেতে পারে যা উল্লেখযোগ্য রেন্ডারিং কাজের জন্য দায়ী।

কারণ যাই হোক না কেন, এখানে কিছু সম্ভাব্য কারণ দেওয়া হল যা আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন যাতে সবকিছু আবার ঠিক হয়ে যায়।

সার্ভার থেকে যতটা সম্ভব HTML প্রদান করুন

আগে যেমন উল্লেখ করা হয়েছে, ব্রাউজার ডিফল্ট হিসেবে সার্ভার থেকে HTML খুব পারফর্ম্যান্ট উপায়ে ম্যানেজ করে। এটি HTML-এর পার্সিং ও রেন্ডারিং এমনভাবে ভেঙে দেয় যাতে বড় টাস্ক এড়ানো যায় এবং মোট প্রধান থ্রেড টাইম অপ্টিমাইজ করা যায়। এর ফলে টোটাল ব্লকিং টাইম (TBT) কমে যায় এবং TBT INP-এর সাথে গভীরভাবে সম্পর্কিত।

আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি হয়ত ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্কের উপর নির্ভর করছেন। যদি তাই হয়, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সার্ভারে কম্পোনেন্ট HTML রেন্ডার করছেন। এটি আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় প্রাথমিক ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের পরিমাণ সীমিত করবে এবং এর ফলে আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে।

  • React-এর জন্য, আপনি সার্ভারে HTML রেন্ডার করতে Server DOM API ব্যবহার করতে চাইবেন। তবে মনে রাখবেন: সার্ভার-সাইড রেন্ডারিংয়ের চিরাচরিত পদ্ধতিতে সিঙ্ক্রোনাস অ্যাপ্রোচ ব্যবহার করা হয়, যার ফলে Time to First Byte (TTFB)-এর সময়সীমা বেড়ে যেতে পারে এবং এর সাথে First Contentful Paint (FCP) ও LCP-এর মতো পরবর্তী মেট্রিকের সময়সীমাও বেড়ে যেতে পারে। সম্ভব হলে, আপনি Node.js বা অন্যান্য JavaScript রানটাইমের জন্য স্ট্রিমিং API ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করুন যাতে সার্ভার যত তাড়াতাড়ি সম্ভব ব্রাউজারে HTML স্ট্রিমিং শুরু করতে পারে। Next.js—একটি React-ভিত্তিক ফ্রেমওয়ার্ক—ডিফল্ট হিসেবে অনেক পেশাদার পদ্ধতি প্রদান করে। সার্ভারে অটোমেটিক HTML রেন্ডার করার পাশাপাশি, এটি ব্যবহারকারীর প্রসঙ্গ (যেমন যাচাইকরণ) অনুযায়ী পরিবর্তন হয় না এমন পৃষ্ঠার জন্য স্ট্যাটিক HTML জেনারেট করতে পারে।
  • এছাড়াও, Vue ডিফল্ট হিসেবে ক্লায়েন্ট-সাইড রেন্ডারিং করে। তবে, React-এর মতো Vue-ও সার্ভারে আপনার কম্পোনেন্ট HTML রেন্ডার করতে পারে। সম্ভব হলে, এইসব সার্ভার-সাইড API-এর সুবিধা নিন অথবা পেশাদার পদ্ধতি আরও সহজে প্রয়োগ করার জন্য আপনার Vue প্রোজেক্টের জন্য উচ্চ-লেভেল অ্যাবস্ট্রাকশন বিবেচনা করুন।
  • Svelte ডিফল্ট হিসেবে সার্ভারে HTML রেন্ডার করে—যদিও আপনার কম্পোনেন্ট কোডের ব্রাউজার-এক্সক্লুসিভ নেমস্পেসে (যেমন, window) অ্যাক্সেস প্রয়োজন হলে, আপনি সার্ভারে সেই কম্পোনেন্টের HTML রেন্ডার করতে পারবেন না। সম্ভব হলে বিকল্প পদ্ধতি ব্যবহার করুন যাতে ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের কারণে অপ্রয়োজনীয় সমস্যা না হয়। SvelteKit—যা Svelte-এর জন্য ঠিক তাই যা React-এর জন্য Next.js—আপনার Svelte প্রোজেক্টে যতটা সম্ভব সেরা পদ্ধতি এম্বেড করে, যাতে আপনি শুধুমাত্র Svelte ব্যবহার করে এমন প্রোজেক্টে সম্ভাব্য সমস্যা এড়াতে পারেন।

ক্লায়েন্টে তৈরি হওয়া DOM নোডের সংখ্যা সীমিত করুন

DOM বড় হলে, সেগুলি রেন্ডার করার জন্য প্রয়োজনীয় প্রসেসিংয়ের পরিমাণ বৃদ্ধি পায়। আপনার ওয়েবসাইট সম্পূর্ণ SPA হোক বা MPA-এর জন্য ইন্টার‍্যাকশনের ফলাফল হিসেবে আগে থেকে থাকা DOM-এ নতুন নোড ইনজেক্ট করা হোক, সেইসব DOM যতটা সম্ভব ছোট রাখার কথা বিবেচনা করুন। এটি HTML দেখানোর জন্য ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের সময় প্রয়োজনীয় কাজ কমাতে সাহায্য করবে, আশা করা যায় এটি আপনার ওয়েবসাইটের INP কম রাখতে সাহায্য করবে।

স্ট্রিমিং সার্ভিস ওয়ার্কার আর্কিটেকচার বিবেচনা করুন

এটি একটি উন্নত টেকনিক—এমন একটি টেকনিক যা প্রতিটি ব্যবহারের ক্ষেত্রে সহজে কাজ নাও করতে পারে—তবে এটি এমন একটি টেকনিক যা আপনার MPA-কে এমন একটি ওয়েবসাইটে পরিণত করতে পারে যা ব্যবহারকারীরা এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় নেভিগেট করার সময় সাথে সাথে লোড হচ্ছে বলে মনে হয়। আপনি CacheStorage-এ আপনার ওয়েবসাইটের স্ট্যাটিক অংশ প্রিক্যাশ করার জন্য সার্ভিস ওয়ার্কার ব্যবহার করতে পারেন এবং একই সাথে ReadableStream API ব্যবহার করে সার্ভার থেকে পৃষ্ঠার বাকি HTML নিয়ে আসতে পারেন।

আপনি এই টেকনিক সফলভাবে ব্যবহার করলে, ক্লায়েন্টে HTML তৈরি করছেন না, তবে ক্যাশে থেকে কন্টেন্টের অংশগুলি ঝটপট লোড হওয়ার ফলে মনে হবে যে আপনার সাইট দ্রুত লোড হচ্ছে। এই পদ্ধতি ব্যবহার করা ওয়েবসাইটগুলি প্রায় SPA-এর মতো মনে হতে পারে, তবে ক্লায়েন্ট-সাইড রেন্ডারিংয়ের কোনও সমস্যা ছাড়াই। এছাড়াও, এটি সার্ভার থেকে আপনার অনুরোধ করা HTML-এর পরিমাণ কমায়।

সংক্ষেপে, স্ট্রিমিং সার্ভিস ওয়ার্কার আর্কিটেকচার ব্রাউজারের বিল্ট-ইন নেভিগেশন লজিককে প্রতিস্থাপন করে না—এটি এতে যোগ করে। Workbox-এর মাধ্যমে কীভাবে এটি করা যায় সেই সম্পর্কে আরও জানতে, স্ট্রিম সহ আরও দ্রুত মাল্টিপেজ অ্যাপ্লিকেশন নিবন্ধটি পড়ুন।

উপসংহার

আপনার ওয়েবসাইট কীভাবে HTML গ্রহণ ও রেন্ডার করে তার উপর পারফর্ম্যান্স নির্ভর করে। আপনার ওয়েবসাইট কাজ করার জন্য প্রয়োজনীয় সব (বা বেশিরভাগ) HTML পাঠানোর জন্য সার্ভারের উপর নির্ভর করলে, আপনি অনেক কিছু ফ্রিতে পাবেন: ইনক্রিমেন্টাল পার্সিং ও রেন্ডারিং এবং বড় টাস্ক এড়ানোর জন্য মূল থ্রেডে অটোমেটিক ইল্ডিং।

ক্লায়েন্ট-সাইড HTML রেন্ডারিংয়ের ফলে পারফর্ম্যান্স সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, যা অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব। তবে, প্রতিটি আলাদা আলাদা ওয়েবসাইটের প্রয়োজনীয়তার কারণে, এটি ১০০% সময় সম্পূর্ণভাবে এড়ানো যায় না। ক্লায়েন্ট-সাইট রেন্ডারিংয়ের কারণে সম্ভাব্য বড় টাস্কের প্রভাব কমাতে, যতটা সম্ভব সার্ভার থেকে আপনার ওয়েবসাইটের HTML পাঠান, ক্লায়েন্টে রেন্ডার করা আবশ্যক এমন HTML-এর জন্য DOM সাইজ যতটা সম্ভব ছোট রাখুন এবং ক্লায়েন্টে HTML ডেলিভারি দ্রুত করার জন্য বিকল্প আর্কিটেকচার ব্যবহার করার কথা বিবেচনা করুন। এর পাশাপাশি, সার্ভার থেকে লোড করা HTML-এর জন্য ব্রাউজার যে ইনক্রিমেন্টাল পার্সিং ও রেন্ডারিং প্রদান করে তার সুবিধাও নিন।

আপনার ওয়েবসাইটের ক্লায়েন্ট-সাইড রেন্ডারিং যতটা সম্ভব কম করতে পারলে, আপনি শুধু আপনার ওয়েবসাইটের INP-ই নয়, LCP, TBT এবং কিছু ক্ষেত্রে সম্ভবত আপনার TTFB-এর মতো অন্যান্য মেট্রিকও উন্নত করতে পারবেন।