প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ অনেক কোম্পানির রোডম্যাপে রয়েছে যাতে তারা নিজেদের ওয়েবসাইটকে আধুনিক করতে পারে এবং ব্যবহারকারীদের নতুন প্রত্যাশার সাথে খাপ খাইয়ে নিতে পারে। অনেক প্রযুক্তির মতো, PWA-এর ক্ষেত্রেও প্রশ্ন ওঠে: আমার গ্রাহকরা কি এটাই চান, এটি আমার ব্যবসাকে কতটা বাড়াবে, প্রযুক্তিগতভাবে কতটা সম্ভব?
আপনার ডিজিটাল স্ট্র্যাটেজি তৈরি করতে, প্রায়ই একাধিক স্টেকহোল্ডার যুক্ত থাকেন: প্রোডাক্ট ম্যানেজার ও চিফ মার্কেটিং অফিসার হলেন প্রতিটি ফিচারের ব্যবসায়িক প্রভাবের সহ-মালিক, চিফ টেকনোলজি অফিসার কোনও প্রযুক্তির সম্ভাব্যতা ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন করেন, ব্যবহারকারীর অভিজ্ঞতা গবেষকরা যাচাই করেন যে কোনও ফিচার গ্রাহকের বাস্তব সমস্যার সমাধান করে কিনা।
এই নিবন্ধের উদ্দেশ্য হল, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে এবং আপনার PWA প্রোজেক্টকে আকার দিতে সাহায্য করা। আপনি গ্রাহকের প্রয়োজনীয়তা থেকে শুরু করে, এটিকে PWA ফিচারে রূপান্তরিত করবেন এবং প্রত্যেকটির ব্যবসায়িক প্রভাব পরিমাপ করার উপর ফোকাস করবেন।
PWA গ্রাহকের প্রয়োজন মেটায়
Google-এ প্রোডাক্ট তৈরি করার সময় আমরা একটি নিয়ম মেনে চলতে ভালোবাসি, সেটি হল "ব্যবহারকারীর উপর মনোযোগ দাও তাহলে সবকিছুই ফলো করবে"। ব্যবহারকারীকে অগ্রাধিকার দিন: আমার গ্রাহকদের কী প্রয়োজন এবং কীভাবে একটি PWA তা প্রদান করে?
ব্যবহারকারী সম্পর্কে রিসার্চ করার সময় আমরা কিছু আকর্ষণীয় প্যাটার্ন খুঁজে পাই:
- মোবাইলে দেরি হওয়া এবং নির্ভরযোগ্যতার অভাব ব্যবহারকারীরা পছন্দ করেন না। মোবাইল দেরিতে কাজ করার ফলে যে মানসিক চাপ সৃষ্টি হয়, তা হরর সিনেমা দেখার চাপের সাথে তুলনীয়।
- স্মার্টফোন ব্যবহারকারীদের ৫০% ব্রাউজ বা কেনাকাটা করার সময় কোনও কোম্পানির মোবাইল সাইট ব্যবহার করতে বেশি পছন্দ করেন কারণ তারা কোনও অ্যাপ ডাউনলোড করতে চান না।
- অ্যাপ আনইনস্টল করার অন্যতম প্রধান কারণ হল সীমিত স্টোরেজ। (ইনস্টল করা PWA-এর জন্য সাধারণত ১ এমবির কম জায়গা লাগে)।
- স্মার্টফোন ব্যবহারকারীরা সেইসব মোবাইল সাইট থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করেন যেগুলি প্রোডাক্টের ব্যাপারে প্রাসঙ্গিক সাজেশন অফার করে এবং ৮৫% স্মার্টফোন ব্যবহারকারী বলেন যে মোবাইল বিজ্ঞপ্তি উপযোগী।
সেইসব পর্যবেক্ষণ অনুযায়ী, আমরা দেখেছি যে গ্রাহকরা এমন অভিজ্ঞতা পছন্দ করেন যা দ্রুত, ইনস্টল করা যায়, নির্ভরযোগ্য এবং আকর্ষণীয় (F.I.R.E.)।
PWA আধুনিক ওয়েব ক্ষমতার সুবিধা নেয়
PWA পেশাদার পদ্ধতি এবং আধুনিক ওয়েব API-এর একটি সেট প্রদান করে যার লক্ষ্য হল আপনার সাইটকে দ্রুত, ইনস্টলযোগ্য, নির্ভরযোগ্য এবং আকর্ষক করে তোলার মাধ্যমে আপনার গ্রাহকদের চাহিদা পূরণ করা।
যেমন, আপনার রিসোর্স ক্যাশে করতে এবং প্রিডিক্টিভ প্রিফেচিং করতে সার্ভিস ওয়ার্কার ব্যবহার করলে আপনার সাইট আরও দ্রুত ও নির্ভরযোগ্য হয়ে ওঠে। আপনার সাইট ইন্সটলেবল করলে, আপনার গ্রাহকরা সহজেই তাদের হোম স্ক্রিন বা অ্যাপ লঞ্চার থেকে সরাসরি এটি অ্যাক্সেস করতে পারবেন। এবং ওয়েব থেকে পাঠানো পুশ বিজ্ঞপ্তির মতো API আপনার ব্যবহারকারীদের সাথে আবার যুক্ত হওয়া সহজ করে তোলে যাতে পছন্দমতো কন্টেন্ট দেখিয়ে তাদের আনুগত্য অর্জন করা যায়।
ব্যবসার উপর প্রভাব বোঝা
আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে ব্যবসার সাফল্যের সংজ্ঞা অনেক কিছু হতে পারে:
- ব্যবহারকারীরা আপনার পরিষেবায় বেশি সময় ব্যয় করছেন
- আপনার লিডের জন্য বাউন্স রেট কমানো হয়েছে
- উন্নত কনভার্সন রেট
- আরও বেশি রিটার্নিং দর্শক
বেশিরভাগ PWA প্রোজেক্টের ফলে মোবাইল কনভার্সন রেট বৃদ্ধি পায়। আপনি অসংখ্য PWA কেস স্টাডি থেকে আরও জানতে পারবেন। আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে, আপনি PWA-এর সেইসব দিককে অগ্রাধিকার দিতে চাইতে পারেন যা আপনার ব্যবসার জন্য আরও বেশি অর্থপূর্ণ এবং এটি সম্পূর্ণ ঠিক আছে। PWA ফিচার চেরি-পিক করে আলাদাভাবে লঞ্চ করা যেতে পারে।
আসুন, এই দুর্দান্ত F.I.R.E ফিচারের প্রতিটি ব্যবসার উপর কী প্রভাব ফেলে তা পরিমাপ করি।
দ্রুত লোড হওয়া ওয়েবসাইটের ব্যবসায়িক প্রভাব
Deloitte Digital-এর সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গেছে যে পৃষ্ঠা লোড হওয়ার গতি ব্যবসার মেট্রিকের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
আপনার সাইটের স্পিড অপ্টিমাইজ করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন যাতে আপনার সব ব্যবহারকারীর জন্য ক্রিটিকাল ইউজার জার্নি উন্নত করা যায়। আপনি কোথা থেকে শুরু করবেন তা বুঝতে না পারলে, আমাদের দ্রুত বিভাগটি দেখুন এবং Lighthouse ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন।
স্পিড অপ্টিমাইজ করার সময়, আপনার সাইটের স্পিড ঘন ঘন পরিমাপ করা শুরু করুন এবং আপনার অগ্রগতি মনিটর করার জন্য উপযুক্ত টুল ও মেট্রিক ব্যবহার করুন। যেমন, Lighthouse-এর মাধ্যমে আপনার মেট্রিক পরিমাপ করুন, "ভালো" Core Web Vitals স্কোর পাওয়ার মতো স্পষ্ট লক্ষ্য স্থির করুন এবং আপনার বিল্ড প্রসেসে পারফর্ম্যান্স বাজেট অন্তর্ভুক্ত করুন। আপনার দৈনিক পরিমাপ এবং "স্পিডের ভ্যালু" সংক্রান্ত পদ্ধতির জন্য ধন্যবাদ, আপনি স্পিডের ক্রমবর্ধমান পরিবর্তনের প্রভাব আলাদা করতে এবং আপনার কাজের ফলে কতটা অতিরিক্ত উপার্জন হয়েছে তা গণনা করতে পারবেন।
Ebay ২০১৯ সালের জন্য স্পিডকে কোম্পানির উদ্দেশ্য হিসেবে সেট করেছে। তারা পারফর্ম্যান্স বাজেট, ক্রিটিক্যাল পাথ অপ্টিমাইজেশন এবং প্রেডিক্টিভ প্রিফেচিংয়ের মতো কৌশল ব্যবহার করেছে। তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, সার্চ পৃষ্ঠা লোড হওয়ার সময় প্রতি ১০০ মিলিসেকেন্ড উন্নত হলে, 'কার্টে যোগ করুন' বিকল্পের সংখ্যা ০.৫% বৃদ্ধি পায়।
ইন্সটলেবল ওয়েবসাইটের ব্যবসায়িক প্রভাব
আপনি কেন চাইবেন যে কোনও ব্যবহারকারী আপনার PWA ইনস্টল করুক? আপনার সাইটে ফিরে আসা আরও সহজ করতে। Android অ্যাপ ইনস্টল করতে যেখানে কমপক্ষে তিনটি ধাপ সম্পূর্ণ করতে হয় (Play Store-এ রিডাইরেক্ট করা, অ্যাপ ডাউনলোড করা, অ্যাপ লঞ্চ করা), সেখানে PWA ইনস্টল করার জন্য ব্যবহারকারীকে বর্তমান কনভার্সন ফানেল থেকে না সরিয়েই এক ক্লিকে নির্বিঘ্নে করা যায়।
অ্যাপ ইনস্টল হয়ে গেলে, ব্যবহারকারীরা হোম স্ক্রিনে দেখানো আইকনে ক্লিক করে সেটি লঞ্চ করতে পারবেন, অ্যাপ পরিবর্তন করার সময় অ্যাপ ট্রেতে সেটি দেখতে পাবেন অথবা অ্যাপ সার্চ ফলাফলের মাধ্যমে সেটি খুঁজে পাবেন। আমরা এটিকে ডায়নামিক Discover-Launch-Switch বলি এবং আপনার PWA-কে ইনস্টলযোগ্য করে তোলা হল অ্যাক্সেস আনলক করার চাবিকাঠি।
ডিভাইসে পরিচিত ডিসকভারি ও লঞ্চ সারফেস থেকে অ্যাক্সেসযোগ্য হওয়ার পাশাপাশি, PWA ঠিক প্ল্যাটফর্ম-নির্দিষ্ট অ্যাপের মতো লঞ্চ হয়: ব্রাউজার থেকে আলাদা, স্ট্যান্ডঅ্যালোন অভিজ্ঞতা হিসেবে। এছাড়াও, এটি OS-লেভেল ডিভাইস পরিষেবা যেমন অ্যাপ সুইচার এবং সেটিংস থেকে সুবিধা পায়।
যেসব ব্যবহারকারী আপনার PWA ইনস্টল করেন, তারা সম্ভবত আপনার সবচেয়ে বেশি এনগেজড ব্যবহারকারী, যাদের এনগেজমেন্ট মেট্রিক ক্যাজুয়াল ভিজিটরদের চেয়ে ভালো, যার মধ্যে রয়েছে বারবার ভিজিট করা, সাইটে বেশি সময় কাটানো এবং বেশি কনভার্সন রেট, যা প্রায়শই মোবাইল ডিভাইসে প্ল্যাটফর্ম-নির্দিষ্ট অ্যাপ ব্যবহারকারীদের সাথে সামঞ্জস্যপূর্ণ।
আপনার PWA ইন্সটলেবল করতে, এটিকে বেস মাপকাঠি পূরণ করতে হবে। এইসব শর্ত পূরণ করলে, আপনি iOS সহ ডেস্কটপ ও মোবাইলে ব্যবহারকারীর অভিজ্ঞতার মধ্যে ইনস্টলেশন প্রোমোট করতে পারবেন।
আপনার PWA ইনস্টল করার প্রচার শুরু করার পরে, কতজন ব্যবহারকারী আপনার PWA ইনস্টল করছেন এবং তারা কীভাবে আপনার PWA ব্যবহার করছেন তা পরিমাপ করা উচিত।
আপনার সাইট ইনস্টল করা ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক করতে, আপনি বিভিন্ন প্রচারমূলক মেসেজ ("এক সেকেন্ডে ইনস্টল করুন" বা "আপনার অর্ডার ফলো করতে আমাদের শর্টকাট যোগ করুন"), বিভিন্ন প্লেসমেন্ট (হেডার ব্যানার, ইন-ফিড) পরীক্ষা করতে এবং ইনস্টলেশন ফানেলের বিভিন্ন ধাপে (দ্বিতীয় পৃষ্ঠা ভিজিট করার সময় বা বুকিং করার পরে) এটি প্রস্তাব করতে চাইতে পারেন।
আপনার ব্যবহারকারীরা কোথায় ছেড়ে যাচ্ছেন এবং কীভাবে রিটেনশন উন্নত করবেন তা বুঝতে, ইনস্টলেশন ফানেল চারটি উপায়ে পরিমাপ করা যেতে পারে:
- ইনস্টল করার জন্য উপযুক্ত ব্যবহারকারীর সংখ্যা
- কতজন ব্যবহারকারী ইনস্টল করার প্রম্পটে ক্লিক করেছেন
- ইনস্টল করার প্রম্পট গ্রহণ ও বাতিল করেছেন এমন ব্যবহারকারীর সংখ্যা
- কতজন ব্যবহারকারী সফলভাবে ইনস্টল করেছেন
আপনি সব ব্যবহারকারীর কাছে PWA ইনস্টলেশন প্রোমোট করতে পারেন অথবা ব্যবহারকারীদের একটি ছোট গ্রুপের সাথে পরীক্ষা করে আরও সতর্ক পদ্ধতি অবলম্বন করতে পারেন।
আপনার ব্যবসার উপর প্রভাব পরিমাপ করার জন্য কয়েক দিন বা সপ্তাহ পরে আপনি পর্যাপ্ত ডেটা পেয়ে যাবেন। ইনস্টল করা শর্টকাট থেকে আসা লোকজনের আচরণ কেমন? সেগুলি কি আরও বেশি এনগেজ করে, সেগুলি কি আরও বেশি কনভার্ট করে?
আপনার PWA ইনস্টল করেছেন এমন ব্যবহারকারীদের ভাগ করতে, appinstalled
ইভেন্ট ট্র্যাক করুন এবং ব্যবহারকারীরা স্ট্যান্ডঅ্যালোন মোডে আছেন কিনা তা চেক করতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করুন, যা ইনস্টল করা PWA-এর ব্যবহার নির্দেশ করে।
তারপর, আপনার অ্যানালিটিক্স ট্র্যাকিংয়ের জন্য এগুলি ভেরিয়েবল বা ডাইমেনশন হিসেবে ব্যবহার করুন।
Weekendesk-এর কেস স্টাডি খুবই আকর্ষণীয়; ব্যবহারকারীর PWA ইনস্টল করার সম্ভাবনা বাড়াতে, তারা দ্বিতীয় পৃষ্ঠায় ভিজিট করার সময় ইনস্টল করার প্রম্পট দেখায়। যেসব ব্যবহারকারী তাদের হোম স্ক্রিন থেকে PWA লঞ্চ করেছেন তাদের PWA-এর মাধ্যমে থাকার জায়গা বুক করার সম্ভাবনা দ্বিগুণ ছিল!
ইনস্টল করার সুবিধা থাকলে, লোকজন আপনার সাইটে ফিরে আসতে উৎসাহিত হন এবং গ্রাহকের আনুগত্য উন্নত হয়। এছাড়াও, আপনি প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতা পছন্দমতো করার কথা ভাবতে পারেন।
আপনার কাছে প্ল্যাটফর্ম-নির্দিষ্ট অ্যাপ থাকলেও, ব্যবহারকারীরা মনে করতে পারেন যে তারা এটি ইনস্টল করতে চান না বা ইনস্টল করার প্রয়োজন নেই। এইসব আংশিক-এনগেজড ব্যবহারকারীরা মনে করতে পারেন যে PWA তাদের জন্য উপযুক্ত, কারণ এটি প্রায়শই হালকা বলে মনে করা হয় এবং কম ঘর্ষণে ইনস্টল করা যায়।
একটি নির্ভরযোগ্য ওয়েবসাইটের ব্যবসায়িক প্রভাব
ব্যবহারকারী অফলাইন থাকলে Chrome Dino গেম খেলার সুযোগ দেওয়া হয়, যা প্রতি মাসে ২৭০ মিলিয়নের বেশি বার খেলা হয়। এই সংখ্যাটি থেকে বোঝা যায় যে PWA ব্যবহারের ক্ষেত্রে নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ভারত, ব্রাজিল, মেক্সিকো বা ইন্দোনেশিয়ার মতো দেশে যেখানে নেটওয়ার্ক নির্ভরযোগ্য নয় বা মোবাইল ডেটা অনেক ব্যয়বহুল।
অ্যাপ স্টোর থেকে ইনস্টল করা কোনও অ্যাপ চালু করা হলে, ব্যবহারকারী আশা করেন যে ইন্টারনেট কানেকশন থাকুক বা না থাকুক, অ্যাপটি খুলবে। প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়া উচিত নয়।
অন্ততপক্ষে, একটি সাধারণ অফলাইন পৃষ্ঠা দেখানো উচিত যা ব্যবহারকারীকে জানায় যে নেটওয়ার্ক কানেকশন ছাড়া অ্যাপটি উপলভ্য নয়। তারপর, অফলাইনে থাকাকালীন কাজ করে এমন কার্যকারিতা প্রদান করে অভিজ্ঞতাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করুন। যেমন, আপনি টিকিট বা বোর্ডিং পাস, অফলাইন উইশলিস্ট, কল সেন্টারের যোগাযোগের তথ্য, ব্যবহারকারীর সম্প্রতি দেখা নিবন্ধ বা রেসিপি ইত্যাদিতে অ্যাক্সেস দিতে পারেন।
আপনি ব্যবহারকারীর জন্য নির্ভরযোগ্য অভিজ্ঞতা প্রদান করার পরে, আপনি হয়ত এটি পরিমাপ করতে চাইবেন; কতজন ব্যবহারকারী অফলাইন হচ্ছেন, কোন ভৌগোলিক অঞ্চলে এবং নেটওয়ার্ক ফিরে এলে তারা কি ওয়েবসাইটে থাকছেন? অ্যানালিটিক্স থেকে আপনি জানতে পারবেন যে ব্যবহারকারীরা সাধারণত কখন অফলাইন ও অনলাইন হন। নেটওয়ার্ক ফিরে আসার পরে কতজন ব্যবহারকারী আপনার ওয়েবসাইটে ব্রাউজ করা চালিয়ে যান, তা এটি থেকে জানতে পারবেন।
Trivago কেস স্টাডি থেকে বোঝা যায় যে এটি কীভাবে আপনার ব্যবসার উদ্দেশ্যকে প্রভাবিত করতে পারে। যেসব ব্যবহারকারীর সেশন অফলাইন থাকার কারণে (প্রায় তিন শতাংশ ব্যবহারকারী) বাধাগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে ৬৭% ব্যবহারকারী আবার অনলাইন হয়ে সাইট ব্রাউজ করা চালিয়ে গেছেন।
আকর্ষণীয় ওয়েবসাইটের ব্যবসায়িক প্রভাব
ওয়েব থেকে পাঠানো পুশ বিজ্ঞপ্তি ব্যবহারকারীদের তাদের প্রয়োজনীয় বা পছন্দের সাইট থেকে সময়মতো আপডেট পাওয়ার জন্য অপ্ট-ইন করার সুবিধা দেয় এবং আপনাকে কাস্টমাইজ করা, প্রাসঙ্গিক কন্টেন্টের মাধ্যমে তাদের সাথে কার্যকরভাবে আবার যুক্ত হওয়ার সুযোগ দেয়।
তবে, সতর্ক থাকুন। ব্যবহারকারীরা প্রথমবার আপনার সাইটে এলে এবং কোনও সুবিধা না দেখিয়েই তাদের ওয়েব বিজ্ঞপ্তির জন্য সাইন-আপ করতে বলা হলে, তা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে এবং আপনার অভিজ্ঞতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিজ্ঞপ্তির জন্য প্রম্পট করার সময় পেশাদার পদ্ধতি অনুসরণ করতে ভুলবেন না এবং ট্রেন লেট, প্রাইস ট্র্যাকিং, স্টক শেষ হয়ে যাওয়া প্রোডাক্ট ইত্যাদির মতো প্রাসঙ্গিক ব্যবহারের মাধ্যমে সম্মতি দেওয়ার জন্য উৎসাহিত করুন।
টেকনিক্যালি, ওয়েবে পুশ বিজ্ঞপ্তি ব্যাকগ্রাউন্ডে চলে, কারণ এটি একটি সার্ভিস ওয়ার্কারের মাধ্যমে পরিচালিত হয় এবং প্রায়ই ক্যাম্পেন ম্যানেজ করার জন্য তৈরি করা সিস্টেমের মাধ্যমে পাঠানো হয় (যেমন, Firebase)। এই ফিচার মোবাইল (Android) ও ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ব্যবসার ক্ষেত্রে দারুণ সুবিধা নিয়ে আসে। এটি বারবার ভিজিট করার সংখ্যা এবং ফলস্বরূপ বিক্রি ও কনভার্সন বাড়ায়।
আপনার পুশ ক্যাম্পেনের কার্যকারিতা পরিমাপ করতে, আপনাকে সম্পূর্ণ ফানেল পরিমাপ করতে হবে, যার মধ্যে রয়েছে:
- পুশ বিজ্ঞপ্তির জন্য উপযুক্ত ব্যবহারকারীর সংখ্যা
- কাস্টম বিজ্ঞপ্তি UI প্রম্পটে ক্লিক করা ব্যবহারকারীর সংখ্যা
- পুশ বিজ্ঞপ্তির অনুমতি দিয়েছেন এমন ব্যবহারকারীর সংখ্যা
- পুশ বিজ্ঞপ্তি পাওয়া ব্যবহারকারীর সংখ্যা
- বিজ্ঞপ্তির সাথে ইন্টার্যাক্ট করা ব্যবহারকারীর সংখ্যা
- বিজ্ঞপ্তি থেকে আসা ব্যবহারকারীদের কনভার্সন ও এনগেজমেন্ট
ওয়েব থেকে পাঠানো পুশ বিজ্ঞপ্তির উপর অনেক কেস স্টাডি আছে, যেমন Carrefour-এর সাথে যারা তাদের কনভার্সন রেট ৪.৫ গুণ বাড়িয়েছে, ব্যবহারকারীদের পরিত্যক্ত কার্টের সাথে পুনরায় যুক্ত করে।
PWA-তে P: একটি প্রগ্রেসিভ লঞ্চ, ফিচার বাই ফিচার
PWA হল আধুনিক ওয়েবসাইট যা ওয়েবের বিশাল ব্যাপ্তি এবং Android, iOS বা ডেস্কটপ অ্যাপে ব্যবহারকারীরা যেসব ব্যবহার করা সহজ ফিচার আশা করেন, সেইসব ফিচারকে একত্রিত করে। তারা পেশাদার পদ্ধতি এবং আধুনিক ওয়েব API-এর একটি সেট ব্যবহার করে যা আপনার ব্যবসার নির্দিষ্টতা এবং অগ্রাধিকারের উপর নির্ভর করে স্বাধীনভাবে প্রয়োগ করা যেতে পারে।
আপনার ওয়েবসাইটকে আরও দ্রুত আধুনিক করে তুলতে এবং এটিকে একটি আসল PWA-তে পরিণত করতে, আমরা আপনাকে চটপটে হতে উৎসাহিত করি: একটির পর একটি ফিচার লঞ্চ করুন। প্রথমে, আপনার ব্যবহারকারীদের সাথে রিসার্চ করে দেখুন কোন ফিচার তাদের সবচেয়ে বেশি ভ্যালু প্রদান করবে, তারপর আপনার ডিজাইনার ও ডেভেলপারদের সাথে সেগুলি প্রদান করুন এবং শেষে আপনার PWA কতটা অতিরিক্ত অর্থ উপার্জন করেছে তা সঠিকভাবে পরিমাপ করতে ভুলবেন না।